বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
সম্মিলিত উদ্যোগে ডেঙ্গুমুক্ত বাকেরগঞ্জ উপজেলা গড়ে তোলার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ কর্মসূচি পালন করা হয়।
‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু ও মশক প্রতিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে কাটাখালী খাল থেকে কচুরিপানা অপসারণ ও আশপাশের এলাকা পরিষ্কার করা হয়।
অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল বলেন, “সম্মিলিত উদ্যোগে ডেঙ্গুমুক্ত বাকেরগঞ্জ উপজেলা গড়ে তোলাই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মূল লক্ষ্য। ড্রেন, নালা, রাস্তার পাশ ও বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা এবং পানি অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। একই সঙ্গে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।”
তিনি আরও বলেন, “নিজের ঘর ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি জমে থাকা পানি অপসারণ করতে হবে। রাস্তা-ঘাটে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট ও পলিথিন ফেলা থেকে বিরত থাকতে হবে। স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসবে বলে আশা করি।”
পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক মৃধা বলেন, “রঘুনাথপুরে কাটাখালী খাল কচুরিপানামুক্ত করার মধ্য দিয়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এর ধারাবাহিকতা বজায় রেখে ইউনিয়নের বিভিন্ন এলাকায় আরও বড় পরিসরে কার্যক্রম চালানোর উদ্যোগ নেওয়া হবে।”
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ও ইউনিয়ন প্রশাসক মো. সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক দেবাশীষ দাস দোলন, ইউনিয়ন বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক হারুন খান, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান মোতালেবসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.