শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে অতিরিক্ত পণ্য বোঝাই করে সড়ক ক্ষতিগ্রস্ত করা এবং ঝুঁকিপূর্ণভাবে যান চালানোর অভিযোগে চার ট্রাকচালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে গোয়ালন্দ উপজেলা ভূমি অফিসসংলগ্ন বিআইডব্লিউটিএর ওজন স্কেলে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। অভিযানে সড়ক পরিবহন আইনে চার ট্রাকচালককে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং অতিরিক্ত পণ্য পরিবহনের কারণে রাজবাড়ী-কুষ্টিয়া ও ঢাকা-খুলনা মহাসড়ক ক্ষতিগ্রস্ত হওয়া ঠেকাতে এ অভিযান চালানো হয়। অসাধু চালক ও ব্যবসায়ীরা গভীর রাতে ওজন স্কেল ব্যবহার করে অতিরিক্ত পণ্য পরিবহন করে থাকেন—এমন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন পণ্যবাহী ট্রাকগুলোতে অভিযান চালানো হয়। এ সময় নির্ধারিত সীমার চেয়ে অতিরিক্ত পণ্য পরিবহনের প্রমাণ পাওয়া যায়।
পরে সড়ক পরিবহন আইনে চারটি ট্রাক আটক করে চালকদের কাছ থেকে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে চালকদের ৭ থেকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। তবে চালকেরা জরিমানার টাকা পরিশোধ করায় তাদের ছেড়ে দেওয়া হয়।
এদিকে স্থানীয়দের অভিযোগ, গোয়ালন্দ উপজেলা ভূমি অফিসসংলগ্ন ওজন স্কেলকে ঘিরে একটি প্রভাবশালী দালালচক্র সক্রিয় রয়েছে। তারা স্কেল কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত ওজনের যানবাহন পার করে ফেরিতে উঠতে সহযোগিতা করে থাকে। বিনিময়ে প্রতিটি যানবাহন থেকে ৫০০ থেকে ১ হাজার টাকা, ক্ষেত্রবিশেষে আরও বেশি অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই চক্রের সদস্যরা হতাশ হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান বলেন, “অতিরিক্ত পণ্য পরিবহনের ফলে একদিকে যেমন সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি বাড়ছে। সড়ক নিরাপদ রাখতে এবং সরকারি সম্পদ সুরক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কঠোর নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.