শরনখোলা (বাগেরহাট) প্রতিনিধি
পূর্ব সুন্দরবনের পৃথক দুটি স্থান থেকে জেলেদের নৌকাসহ চার জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে বনদস্যু মজনু বাহিনীর বিরুদ্ধে। শুক্রবার দিবাগত রাতে সুন্দরবনের নারিকেলবাড়িয়া, কালামেয়া ও আমবাড়িয়া এলাকায় এসব ঘটনা ঘটেছে বলে বন বিভাগ ও জেলে মহাজন সূত্রে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে মহাজন শনিবার দুপুরে মুঠোফোনে জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে সাগরসংলগ্ন সুন্দরবনের নারিকেলবাড়িয়া ও কালামেয়া এলাকায় মাছ ধরারত জেলেদের বহরে হামলা চালিয়ে তিন জেলেকে তুলে নিয়ে যায় মজনু বাহিনীর সদস্যরা।
অপহৃত জেলেদের মধ্যে রিপন (২৬) ও ফরিদ (৩০) নামে দুজনের নাম জানা গেছে। অপর জেলের নাম জানা যায়নি। তাঁদের বাড়ি কয়রা ও শরণখোলা এলাকায় বলে জানা গেছে।
অপর ঘটনায় একই রাতে সুন্দরবনের আমবাড়িয়া এলাকা থেকে একটি নৌকা, পাঁচটি মোবাইল ফোন ও জেলেদের খাদ্যসামগ্রীসহ রিপন (২৮) নামে আরও এক জেলেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ওই জেলের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী গ্রামে বলে জানিয়েছেন তাঁর মহাজন ও মোংলার মাছ ব্যবসায়ী ইসমাইল হোসেন লিটন গাজী।
জেলে মহাজন লিটন গাজী বলেন, “সর্বমোট চার জেলেকে একসঙ্গে অপহরণের ঘটনায় সুন্দরবনসংলগ্ন উপকূলীয় এলাকার জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহৃত জেলেদের উদ্ধার ও দস্যু দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।”
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের জেলেপল্লি দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় মুঠোফোনে জানান, পৃথক দুটি স্থান থেকে চার জেলে অপহরণের খবর তারা পেয়েছেন। এ ঘটনায় বনরক্ষীদের টহল জোরদার করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.