আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের নেতৃত্বে উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল বাজারে জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচি পরিচালনা করা হয়।
পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে বাশাইল বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার বংশবিস্তার রোধে সচেতনতা সৃষ্টি করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা বশির আহমেদ পান্না, বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সারোয়ার হোসেন মিয়া, রাজিহার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোন্দকার মোহাম্মদ আলী, ইউনিয়ন বিএনপির সদস্যসচিব শ্যামল ঘটক, গৈলা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব বদিউজ্জামান সরল মোল্লা, ব্যবসায়ী মেজবা উদ্দিন প্রমুখ।
এ ছাড়া স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রশাসনের সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা পানি ডেঙ্গু ছড়ানোর অন্যতম প্রধান উৎস। এডিস মশা নিয়ন্ত্রণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বিশেষ করে বাজার এলাকায় নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সম্মিলিত অংশগ্রহণ একান্ত প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.