নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।
তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে কেউ যাতে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের রাজবাড়ী রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাজীপুর জেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, জেলা বিএনপি নেতা আজিজুর রহমান পেরা, আব্দুল মোতালিব, হুমায়ুন কবির মাস্টার, আবু তাহের মুসল্লি, আক্তারুল আলম মাস্টার, সাখাওয়াত হোসেন সেলিম, সাখাওয়াত হোসেন সবুজ ও আনোয়ার হোসেন বক্তব্য দেন। এ ছাড়া গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসিবুর রহমান মুন্না, জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচির আড়ালে সন্ত্রাস, নৈরাজ্য ও জনজীবনে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার কথাও বলেন তারা।
এর আগে গাজীপুরের বিভিন্ন উপজেলা ও বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজবাড়ী রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমবেত হন। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজবাড়ী রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.