মনিরামপুর (যশোর) প্রতিনিধি
গানের তাল-লয়ের সঙ্গে সুরের মেলবন্ধন ঘটিয়ে শ্রোতার হৃদয়ে ছন্দের আবেশ তৈরি করে যে বাদ্যযন্ত্র, সেটিই মৃদঙ্গ। শাস্ত্রীয় সংগীত, কীর্তন-ভজন, বাউল গানসহ নানা লোকসংগীতে যার রয়েছে দীর্ঘদিনের ব্যবহার। আধুনিক সময়ে নানা বাদ্যযন্ত্র প্রযুক্তিনির্ভর হয়ে উঠলেও ঐতিহ্যবাহী মৃদঙ্গ এখনো টিকে আছে নিজস্ব বৈশিষ্ট্যে।
এই ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের শিক্ষা ছড়িয়ে দিতে যশোরের মনিরামপুরে গড়ে উঠেছে ‘প্রেমধ্বনি মৃদঙ্গ বিদ্যানিকেতন’। প্রতিষ্ঠানটির দাবি, দেশে এটিই প্রথম প্রতিষ্ঠান যেখানে শুধুমাত্র মৃদঙ্গ বাজানো শেখানো হয়। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশের শিক্ষার্থীরাও অনলাইন ও অফলাইনে এখানে মৃদঙ্গের তালিম নিচ্ছেন।
মনিরামপুর উপজেলার রাজগঞ্জ মহাশ্মশানের দ্বিতল ভবনে সরেজমিন গিয়ে দেখা যায়, ১২ থেকে ১৫ জন শিক্ষার্থী মৃদঙ্গ হাতে নিয়ে তাল-লয়ের অনুশীলন করছেন। গুরুজি সুব্রত চৌধুরী তাদের হাতে-কলমে মৃদঙ্গ বাজানোর কৌশল শেখাচ্ছেন।
প্রতিষ্ঠানটির শিক্ষক সুব্রত চৌধুরী জানান, কানাডা, দুবাই, ভারত, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অনলাইন ও অফলাইনে তার কাছে মৃদঙ্গের শিক্ষা নিচ্ছেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) তালিকাভুক্ত মৃদঙ্গবাদক।
সরেজমিনে কথা হয় কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। সিলেট থেকে আসা সুমন ও দীপংকর দাস জানান, মৃদঙ্গ শেখার আগ্রহ থেকেই তারা মনিরামপুরে এসেছেন। তাদের মতো নিলয়, অনিকসহ চারজন এসেছেন দিনাজপুর থেকে। জয় দাস এসেছেন নওগাঁ থেকে। তারা মেস ভাড়া নিয়ে থেকে নিয়মিত প্রতিষ্ঠানে মৃদঙ্গ শেখার প্রশিক্ষণ নিচ্ছেন।
গুরুজি সুব্রত চৌধুরী বলেন, “সংস্কৃতিমনা পরিবারে আমার বেড়ে ওঠা। ঠাকুরদা, বাবা ও পরিবারের অধিকাংশ সদস্যই মৃদঙ্গ বাজাতেন। সে কারণে প্রথম শ্রেণিতে পড়ার সময় থেকেই মৃদঙ্গের প্রতি আমার গভীর আগ্রহ তৈরি হয়।”
তিনি জানান, ঝিকরগাছার কালীপদ ঘোষের কাছে তার মৃদঙ্গ শেখার হাতেখড়ি। প্রায় ২৯ বছর আগে মৃদঙ্গ শেখার উদ্দেশ্যে তিনি গৃহত্যাগ করে ভারতে যান। সেখানে বনগাঁর প্রয়াত ইবিদাস বিশ্বাস ও বসিরহাটের রামমণ্ডলের কাছে তালিম নেন। পরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হরেকৃষ্ণ হালধারের কাছে আট থেকে নয় বছর মৃদঙ্গের শিক্ষা গ্রহণ করেন।
সুব্রত চৌধুরী এখনো তার শিক্ষাগুরুর কাছে তালিম নিতে নিয়মিত ভারতে যান। তার ভাষ্য অনুযায়ী, মৃদঙ্গের চর্চা অব্যাহত রাখতে তিনি প্রতি মাসে কমপক্ষে ১৫ দিন ভারতে গিয়ে গুরুর কাছ থেকে শিক্ষা নেন।
তার প্রতিষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা এসে মৃদঙ্গ শেখার পাশাপাশি মেসে থেকে নিয়মিত অনুশীলন করছেন। আর অনলাইনের মাধ্যমে দেশ-বিদেশের শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন এই ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের শিক্ষায়।
প্রযুক্তিনির্ভর আধুনিক সময়ে হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র মৃদঙ্গের চর্চা ধরে রাখতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.