
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে মুসলিমা খাতুন (৭) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক ব্যক্তির বাড়ি ও পান বরজে আগুন দিয়েছেন। এ ঘটনায় তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া গ্রামের একটি পান বরজের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মুসলিমা খাতুন কচুড়িয়া গ্রামের ইসলাম শেখের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে কচুড়িয়া গ্রামের একটি পান বরজের পাশে বস্তার মধ্যে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা শিশুটির হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক ব্যক্তির বাড়ি ও তার পান বরজে আগুন ধরিয়ে দেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, শিশুটিকে কী কারণে এবং কারা হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্তের পাশাপাশি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.