নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ হাজার ৮৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ১ নম্বর নিতপুর ইউনিয়নের কালাইবাড়ী গ্রামে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন—কালাইবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে মো. শাকিল (২০) এবং তহুরুল ইসলামের স্ত্রী মোছা. বেবী খাতুন (৩৩)। এ সময় তাদের এক সহযোগী পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানার ওসি জিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কালাইবাড়ী গ্রামের তহুরুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালায়। পরে বাড়িটির শয়নকক্ষের খাটের নিচে মাটির গর্তে লুকিয়ে রাখা ৩৮৭ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতি পাতায় ১০টি করে মোট ৩ হাজার ৮৭০ পিস ট্যাবলেট ছিল। উদ্ধার করা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১১ লাখ ৬১ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া গ্রেপ্তারদের কাছ থেকে মাদক বিক্রির ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা এবং তাদের ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, তারা ভারত থেকে মাদক এনে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। এ ঘটনায় গ্রেপ্তার দুইজন ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মাদক কারবারের সঙ্গে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.