বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।
রোববার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বকশীগঞ্জ উপজেলার সাতানীপাড়া বিওপির আওতাধীন দিগলকোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে ‘বিন্দুমাত্র ছাড় নয়’ নীতির পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে বিজিবি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টা ৩০ মিনিটের দিকে সাতানীপাড়া বিওপির একটি টহলদল দিগলকোনা এলাকায় অভিযান চালায়।
এ সময় সীমান্ত পিলার ১০৮৯/এমপি থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিগলকোনা গ্রামের একটি এলাকায় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় কসমেটিকসের ৫৬৭ পিস পণ্য জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, জব্দ করা পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী রয়েছে। জব্দ করা মালামাল বকশীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসনুর রহমান বলেন, “সীমান্তে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.