আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় বৃক্ষরোপণ অভিযান-২০২৬ পালন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বিভিন্ন গাছের চারা এবং বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তালের বীজ রোপণ করা হয়।
আলফাডাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ শাহেদা খাতুন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। আনসার-ভিডিপির এ উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে।
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ শেখ ফাতেমা অনন্যা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষার দায়িত্ববোধ তৈরি হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যত্ন নিতে হবে।
কর্মসূচিতে উপজেলা প্রশিক্ষিকা অর্পনা রানী ঘোষ, লাল মিয়া, বুড়াইচ ইউনিয়ন দলনেতা মো. আনিসুর শেখ, আমিন শিকদার, শংকরী রানী ঠাকুর, ওয়ার্ড দলনেতা সাগর শেখ ও সজিব শেখ, ওয়ার্ড দলনেত্রী সাথী খানম, রুমি শাপলা ও নাছিমাসহ আনসার-ভিডিপির কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছ ও তালের বীজের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতেই এ কর্মসূচি পালন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.