নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর মহানগরের পূবাইলে রিসোর্টে ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও সরবরাহের অভিযোগে অভিযান চালিয়ে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় কোকেন, এমডিএমএ (এক্সটাসি), কুশ, বিদেশি মদ ও টিএইচসি-যুক্ত গামিসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত মহানগরের পূবাইলের ভাদুন এলাকার পূবাইল রিসোর্ট ক্লাবে এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলামের নেতৃত্বে অভিযানে বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেন। অভিযানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সহযোগিতা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজধানীর ধানমন্ডির মো. নুরুজ্জামানের ছেলে মোহাম্মদ মনিরুজ্জামান তানজিম (২৯), উত্তরা এলাকার নুর জালালের ছেলে তুষার আহমেদ নিশু (৩২), উত্তরা পূর্বের আজমপুর এলাকার মো. নাজিম উদ্দিনের ছেলে মহিদুল ইসলাম রাহাত (২৮) এবং উত্তরা এলাকার মো. পারভেজ সরকারের স্ত্রী কাসফিয়া নিশাত (২৫)।
ডিএনসি গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে রিসোর্টের লেকের ভেতরে থাকা ‘টিউবরোজ-১’ কটেজে অভিযান চালানো হয়। সেখান থেকে এক গ্রাম কোকেন, ১২ পিস এমডিএমএ বা এক্সটাসি ও দুটি আইফোন জব্দ করা হয়। এ ঘটনায় তানজিমকে গ্রেপ্তার করা হয়।
পরে ‘টিউবরোজ-২’ কটেজে অভিযান চালিয়ে ৩ দশমিক ৭৫ লিটার বিদেশি মদ, ১৫ গ্রাম কুশ, ২০ গ্রাম ‘স্ট্রবেরি ড্রিম ইনফিউজড গামিস’ ও দুটি মুঠোফোন জব্দ করা হয়। এ ঘটনায় তুষার আহমেদ নিশু ও মহিদুল ইসলাম রাহাতকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ‘গোমতী-১’ কটেজে অভিযান চালানো হয়। সেখান থেকে আরও ৯ পিস এমডিএমএ বা এক্সটাসি ও ৯ গ্রাম কুশ উদ্ধার করা হয়। এ ঘটনায় কাসফিয়া নিশাতকে গ্রেপ্তার করা হয়।
ডিএনসি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানজিম, তুষার ও মহিদুলের নেতৃত্বে ‘সনিক প্লাস’ নামে ডিজে পার্টির আয়োজনের তথ্য পাওয়া গেছে। অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণ-তরুণীদের মধ্যে বিভিন্ন ধরনের সিনথেটিক মাদক সরবরাহের অভিযোগও পাওয়া গেছে। ডিএনসির দাবি, আয়োজনের জন্য রিসোর্টটি ভাড়া নেওয়া হলেও এ বিষয়ে স্থানীয় প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি।
ডিএনসির গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এমদাদুল ইসলাম বলেন, ডিজে পার্টির আড়ালে মাদক সরবরাহের মতো আয়োজনের জন্য রিসোর্ট ভাড়া না দিতে গাজীপুরের রিসোর্ট মালিকদের সতর্ক করা হয়েছে। এ ধরনের আয়োজনের তথ্য পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঁইয়া বাদী হয়ে পূবাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.