নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে শিল্পখাতের প্রতিনিধি ও অংশীজনদের নিয়ে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেটিভ ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘স্ট্রেন্থেনিং স্টার্ট-আপ, ইনোভেশন অ্যান্ড ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এ আলোচনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউটের পরিচালক, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ), শিল্পখাতের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।
গোলটেবিল আলোচনায় শিল্প ও একাডেমিয়ার মধ্যে কার্যকর ও টেকসই সহযোগিতা প্রতিষ্ঠার ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জ এবং তা মোকাবিলায় কার্যকর কৌশল নিয়ে আলোচনা হয়।
ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণা, উদ্ভাবন ও স্টার্ট-আপ সংস্কৃতি বিকাশে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং ইউজিসির নীতিগত সহায়তা ও পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণাকে বাস্তবমুখী ও বাজার উপযোগী করতে শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে কার্যকর সেতুবন্ধন প্রয়োজন। এ ক্ষেত্রে ইউজিসি নীতিগতভাবে সহযোগিতা করে যাচ্ছে।
অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন আরও বলেন, তরুণ উদ্যোক্তা ও গবেষকদের উদ্ভাবনী ধারণাকে বাস্তবে রূপ দিতে উপযুক্ত অর্থায়ন, পরামর্শ ও প্রাতিষ্ঠানিক কাঠামো নিশ্চিত করা প্রয়োজন। এ ধরনের গোলটেবিল আলোচনা বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন ও স্টার্ট-আপ সংস্কৃতি বিকাশে নেওয়া বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
তিনি বলেন, শিল্পখাতের সঙ্গে সমন্বিত সহযোগিতা ছাড়া গবেষণালব্ধ জ্ঞানকে বাস্তবে রূপ দেওয়া কঠিন। এ বাস্তবতা উপলব্ধি করে ডুয়েট শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা, ইন্টার্নশিপ ও প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্র সম্প্রসারণে কাজ করছে।
উপাচার্য আরও বলেন, কার্যকর একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা প্রতিষ্ঠা করা গেলে দেশের উৎপাদন খাতে প্রবৃদ্ধির পাশাপাশি আমদানি কমানো ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে ভূমিকা রাখা সম্ভব। তিনি প্রতি তিন মাস পরপর ডুয়েটে এ ধরনের আলোচনা আয়োজন এবং ছয় মাস পরপর ইউজিসিতে প্রতিবেদন দেওয়ার কথা জানান।
অনুষ্ঠানে ডুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
অনুষ্ঠানের শুরুতে পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন স্বাগত বক্তব্য দেন। পরে ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ ‘ডুয়েটে গবেষণা ও উন্নয়ন এবং উদ্ভাবন সুবিধাদি’ শীর্ষক প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
অনুষ্ঠানের মডারেটর ছিলেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান। তিনি দিনব্যাপী আলোচনার বিষয়বস্তু তুলে ধরার পাশাপাশি অংশগ্রহণকারী অতিথিদের ধন্যবাদ জানান। র্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিডিরেন, ব্র্যাক ব্যাংক পিএলসি, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, প্রাণ-আরএফএল গ্রুপ, নেসলে বাংলাদেশ, আকিজ সিরামিকস, উর্মি গ্রুপ, ম্যাক্স গ্রুপ, জেনকোর সল্যুশনস, ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস লিমিটেড, মাসকো গ্রুপ, ডিক্যাথলন, র্যাঙ্কন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইনোভেশন আইটি লিমিটেড, জি-উইজেটস কোম্পানি লিমিটেড ও ইকোটেক্স লিমিটেডের প্রতিনিধিরা অংশ নেন।
গোলটেবিল আলোচনা শেষে শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে ‘দ্য ফিউচার অব ইয়ুথ ইন বাংলাদেশ ইন দ্য পারস্পেকটিভ অব অন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড সফট স্কিল ডেভেলপমেন্ট’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরে জেনকোর সল্যুশনসের সিইও ও সাবেক ডুয়েটিয়ান জিশান আহাম্মদ শিক্ষার্থীদের সঙ্গে তাঁর কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা বিনিময় করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.