একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিভিন্ন নদ-নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নামে অতিরিক্ত শুল্ক আদায় ও শ্রমিক-ব্যবসায়ীদের হয়রানির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে জামালগঞ্জ মিনি স্টোন ক্রাশার সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে নৌযান মালিক-শ্রমিক ও পাথর ব্যবসায়ীরা অংশ নেন।
জামালগঞ্জ মিনি স্টোন ক্রাশার সমিতির সভাপতি হোসেন আহমদ লালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিরুল হকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সদস্য ও পাথর ব্যবসায়ী জসিম উদ্দিন, লোকমান হোসেন, নূর নবী, কবির হোসেন ও আমিরুল হকসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, জামালগঞ্জের বিভিন্ন নদ-নদীতে সরকারি গেজেটে নির্ধারিত হারের চেয়ে কয়েক গুণ বেশি শুল্ক আদায় করা হচ্ছে। তাদের দাবি, গেজেটে প্রতি ঘনফুটে ৫০ পয়সা শুল্ক আদায়ের কথা থাকলেও বর্তমানে প্রতি ঘনফুটে ২ টাকা ৮০ পয়সা করে আদায় করা হচ্ছে। লোড-আনলোডের ক্ষেত্রে একবার শুল্ক নেওয়ার কথা থাকলেও দুই দফায় মোট ৫ টাকা ৬০ পয়সা আদায় করা হচ্ছে।
বক্তারা আরও অভিযোগ করেন, অতিরিক্ত শুল্ক আদায়ের প্রতিবাদ করায় ইজারাদার কর্তৃপক্ষ প্রশাসনের বিভিন্ন সংস্থাকে ব্যবহার করে ব্যবসায়ী ও শ্রমিকদের হয়রানি করছে। পরিবেশ অধিদপ্তর ও নৌ-পুলিশের অভিযানের নামে ব্যবসায়ীদের জরিমানা করা হচ্ছে বলেও তারা দাবি করেন।
তাদের ভাষ্য, এভাবে হয়রানি ও অতিরিক্ত শুল্ক আদায় চলতে থাকলে ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করতে বাধ্য হবেন। এতে জামালগঞ্জের প্রায় ২০ হাজার শ্রমিকের জীবিকা অনিশ্চয়তার মধ্যে পড়বে এবং তাদের পরিবারগুলো আর্থিক সংকটে পড়বে।
মানববন্ধন থেকে বক্তারা অতিরিক্ত শুল্ক আদায় ও ব্যবসায়ী-শ্রমিকদের হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি ২০ হাজার শ্রমিকের জীবিকা নিশ্চিত করতে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.