আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, শনিবার রাতে উপজেলার সেরাল চৌরাস্তা ও আশপাশের এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় বরিয়ালী গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে মনিরুল ইসলাম (২৫) ও একই গ্রামের আফজাল সন্যামতের ছেলে হৃদয় সন্যামতকে (২৫) ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
পরে অভিযান শেষে ফেরার পথে সন্দেহজনকভাবে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে আরও দুজনকে আটক করে। তারা হলেন—বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুল কালাম হাওলাদারের ছেলে মেহেদী হাসান (৩৫) এবং ঝালকাঠির রাজাপুর উপজেলার হাইলাকাঠী গ্রামের মৃত মোসলেম খানের ছেলে রাশেদ খান (৩৩)। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাতেই গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ্ মো. আনছার উদ্দিন ও আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান ঘটনাস্থলে গিয়ে গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদ করেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান ও রাশেদ খান দাবি করেন, গৌরনদী উপজেলার টরকী এলাকার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত হিরা মাঝির কাছ থেকে তারা ২ হাজার পিস ইয়াবা পাইকারি দামে কিনেছেন। পরে পুলিশের নজর এড়াতে গ্রাম্য সড়ক ব্যবহার করে মোটরসাইকেলে আগৈলঝাড়ার সেরাল হয়ে বরিশাল শহরের দিকে যাচ্ছিলেন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। রোববার সকালে তাদের বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.