মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর পৌরশহরে সদ্য পুনঃখনন করা হরিহর নদের পাড় ধসে ক্ষতিগ্রস্ত মনিরামপুর ফাজিল মাদ্রাসার বহুতল ভবন রক্ষায় জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পাউবো, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে নদের পাড়ে বল্লী স্থাপনের কাজ শুরু হয়।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী জানান, প্রাথমিকভাবে নদের ভেঙে যাওয়া পাড়ের পাশে বল্লী স্থাপন করা হচ্ছে। এরপর জিও ব্যাগ অথবা মাটির বস্তা দিয়ে পাড় সংস্কার করা হবে।
জানা গেছে, মনিরামপুর ফাজিল মাদ্রাসার বহুতল ভবনটি হরিহর নদের তীরে অবস্থিত। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০১২ সালে পাঁচতলা ফাউন্ডেশনের ভবনটির প্রথম তলা নির্মাণ করা হয়। পরে ২০২২ সালে ভবনটি সম্প্রসারণ করে তিনতলায় রূপান্তর করা হয়।
সম্প্রতি সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাউবো হরিহর নদ পুনঃখনন করে। এরপর পানির চাপে নদের পাড় ভেঙে মাদ্রাসা ভবনের পেছনের বেইজের নিচ থেকে মাটি সরে যায়। এতে ভবনটি হেলে পড়ে। একই সঙ্গে ভবনের মেঝে, দেয়াল, বিম ও ছাদে ফাটল দেখা দেয়।
বিষয়টি জানাজানি হলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী হাদিউজ্জামান খানসহ কর্মকর্তারা বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর ভবনটি রক্ষায় জরুরি উদ্যোগ নেওয়া হয়।
শনিবার বিকেল ৫টার দিকে ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করেন পাউবো যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সার্জেন্ট শাহ আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মো. শহিদুল্লাহ, গভর্নিংবডির সভাপতি সহকারী অধ্যাপক মুহিবুল্লাহ মনু, প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমানসহ অনেকে।
পরিদর্শন শেষে পাউবোর নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, ভবনটি রক্ষায় জরুরি ভিত্তিতে নদের ভেঙে যাওয়া পাড়ের পাশে বল্লী স্থাপনের কাজ শুরু করা হয়েছে। পরবর্তী সময়ে জিও ব্যাগ অথবা মাটির বস্তা দিয়ে পাড়টি সংস্কার করা হবে।
অন্যদিকে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী হাদিউজ্জামান খান জানান, মাদ্রাসা ভবনটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.