নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে আদিবাসী জনগোষ্ঠীর অংশগ্রহণে ক্যারাম উৎসব, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ২টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় আদিবাসী পরিষদের জেলা কমিটির সভাপতি আমিন কুজুরের সভাপতিত্বে এবং দীপঙ্কর উরাওয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে মো. ফজলে হুদা বাবুল বলেন, “আমাদের মধ্যে কোনো বিভেদ করা যাবে না। এই সংস্কৃতি আদিবাসীদের ভাদ্র মাসের ১১ তারিখে শুরু হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই উৎসব আদিমকাল থেকে চলে আসছে।”
তিনি আরও বলেন, “আপনারা আমাকে ভোটের মাধ্যমে ভালোবাসা দিয়েছেন। আমি আপনাদের ছেড়ে যেতে পারব না। আমি আপনাদের সন্তানদের শিক্ষা দিতে চাই। আপনাদের কন্যাসন্তানদের মধ্যে যারা জিপিএ-৫ পেয়েছে, তাদের পড়ালেখার দায়িত্ব নেওয়ার কথা বলেছিলাম। কিন্তু এখন পর্যন্ত কেউ এ জন্য আসেননি।”
শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আমি আপনাদের আমগাছ দিতে চাই, আম খাওয়াতে চাই না। আপনারা সন্তানদের পড়ালেখা করাবেন। আপনাদের জন্য সরকারের অনেক বরাদ্দ আসছে, আগামীতেও আসবে। আপনারা আরও অনেক কিছু পাবেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও শিক্ষক আমিরুল ইসলাম কনক, মহাদেবপুর উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজওয়ানুল হক এবং থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক।
এ ছাড়া মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ (রাজু), সাধারণ সম্পাদক মতিউর রহমান (মতি), সাংবাদিক ও চিত্র নির্মাতা আজাদুল ইসলাম (আজাদ), ইমরুল কায়েশ (সাজু), জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সুধীর তির্কী, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রুপচান লাকড়া এবং জাতীয় আদিবাসী নারী পরিষদ, নওগাঁ জেলা কমিটির সভানেত্রী নিতী মুন্ডাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যারাম উৎসবে জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ৯২টি দল অংশ নেয়। উৎসবকে ঘিরে আদিবাসী জনগোষ্ঠীর নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করা সম্ভব। একই সঙ্গে আদিবাসীদের ঐতিহ্য, সংস্কৃতি ও অধিকার সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.