নওগাঁ প্রতিনিধি
বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে নওগাঁয় দ্বিতীয় দিনের মতো অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন পরিবহন শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
শ্রমিকদের অভিযোগ, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজি চালক ও বাস শ্রমিকদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে পরে জেলার পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে বাসচালক রুবেল হোসেন ও এক সুপারভাইজারকে সিএনজি চালকরা মারধর করেন বলে অভিযোগ করা হয়।
আহত রুবেল হোসেনকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিচার এবং মহাসড়কে অবৈধ অটোরিকশা ও সিএনজি চলাচল বন্ধের দাবিতে শ্রমিক ইউনিয়ন কর্মবিরতির ডাক দেয়।
বাস মালিক ও শ্রমিক নেতারা জানান, নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অটোরিকশা ও সিএনজি শহরের বাইরে দূরপাল্লার রুটে যাত্রী পরিবহন করতে পারে না। তবে এ নিয়ম না মেনে আঞ্চলিক মহাসড়কেও এসব যান চলাচল করছে বলে তাঁদের অভিযোগ। এতে প্রায়ই দুর্ঘটনা ও বাস শ্রমিকদের সঙ্গে সংঘাতের ঘটনা ঘটছে।
মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাধ্য হয়ে বিকল্প যানবাহনে চলাচল করতে গিয়ে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তাঁদের। একই সঙ্গে সময়ও বেশি লাগছে।
নিয়ামতপুর থেকে আদালতে হাজিরা দিতে নওগাঁ শহরে আসা আফসার আলী বলেন, “বাসস্ট্যান্ডে এসে দেখি কোনো বাস চলছে না। বাধ্য হয়ে তিন দফায় বিকল্প যানবাহনে নওগাঁ শহরে আসতে হয়েছে। যেখানে ১৫০ টাকা ভাড়া লাগার কথা, সেখানে ২০০ টাকা লেগেছে। সময়ও নষ্ট হয়েছে প্রায় দেড় ঘণ্টা।”
সাপাহারগামী যাত্রী রফিকুল ইসলাম বলেন, “বাস শ্রমিক আর অটোরিকশা চালকদের বিরোধের খেসারত সবসময় সাধারণ মানুষকে দিতে হয়। জরুরি কাজে বের হয়ে চরম ভোগান্তিতে পড়তে হলো।”
নওগাঁ জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, “এ বিষয়ে সিএনজি মালিকদের সঙ্গে ইতোমধ্যে কয়েক দফা আলোচনা হলেও এখনো কোনো সুরাহা হয়নি। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার না করা পর্যন্ত বাস ধর্মঘট ও কর্মবিরতি অব্যাহত থাকবে।”
নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ ব্যানার্জী বলেন, বাস চলাচল স্বাভাবিক করতে উভয় পক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.