রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
‘বৃক্ষ রোপণ সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, ট্রেডক্রাফট এক্সচেঞ্জের কারিগরি সহযোগিতায় এবং রুরাল ডেভেলপমেন্ট সংস্থার (আরডিএস) বাস্তবায়নে SWABOL প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
‘জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো এবং কমিউনিটিভিত্তিক বনায়ন ও পুনঃবনায়ন’ বিষয়ে সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে প্রথমে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
SWABOL প্রকল্পের জেলা সমন্বয়ক স্বপন স্কুর সঞ্চালনায় কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসিন আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ টি এম ফয়জুল রাজ্জাক আকন্দ ও উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমাত জাহান।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা কৃষি পণ্য উৎপাদক সমবায় সমিতির সভাপতি সবুর আহমেদ, সহসভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মাহবুবুর হাসান দুলাল, কোষাধ্যক্ষ একলাস উদ্দিন আহমেদসহ কমিটির ১১ সদস্য। এছাড়া সরকারি কর্মকর্তা, উন্নয়নকর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় কমিউনিটির এলএফও সদস্য ও ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ, কমিউনিটিভিত্তিক বনায়ন ও পুনঃবনায়নের গুরুত্ব তুলে ধরেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
পরে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটিতে ৪০টি করে মোট ৪০০টি চারা বিতরণ করা হয়। বিতরণ করা চারার মধ্যে আম, জাম, কাঁঠাল, অর্জুন, নিম ও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ কর্মসূচির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা আরও বাড়বে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.