কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
‘মাদকমুক্ত করা আমাদের অঙ্গীকার’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া উপজেলার কড়াইয়া এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কড়াইয়া উত্তরপাড়া ফোরকানিয়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাবেক কমিশনার আব্দুর রহিম প্রধানের সভাপতিত্বে এবং মো. মাজহারুল ইসলাম ও মো. ইমান আলীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ওসি আজিজুল ইসলাম মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, “আমি আপনাদের আগামী মাসের ২৮ তারিখ পর্যন্ত সময় দিয়ে গেলাম। এর মধ্যে আপনারা হয় গ্রাম ছাড়বেন, নয় মাদক ছাড়বেন। যারা মাদকবিরোধী কাজে আমাকে সহযোগিতা করবেন, আমি তাদের সহযোগিতা করব।”
তিনি আরও বলেন, মাদকের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার তদন্ত কর্মকর্তা মো. রাশেদুল হক, কচুয়া পৌর বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদুল্লাহ মুন্সী ও সমাজসেবা কর্মকর্তা মুক্তার হোসেন।
এ ছাড়া বক্তব্য দেন ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা আমান উল্লাহ, চাঁদপুর পলিটেকনিক কলেজের আহ্বায়ক মাজহারুল ইসলাম, ডা. সেফায়েত উল্লাহ, ছাত্র সংগঠনের সদস্য মো. মিরাজ হোসেন, হাফেজ মো. শাহিন, হাফেজ মাওলানা সুলতান মাহমুদ ও সমাজসেবক সাইফুল ইসলামসহ অনেকে।
বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়; পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
সমাবেশে এলাকার বিপুলসংখ্যক তরুণ-যুবক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। বক্তারা কড়াইয়া এলাকাকে মাদকমুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.