নওগাঁ প্রতিনিধি
নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়রা তাদের আটক করে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কাদিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাতে পুলিশ মিডিয়া সেলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম।
গ্রেপ্তার দুজন হলেন—বদলগাছী উপজেলার বাসিন্দা মো. সারোয়ার হোসেন অপু (৩২) ও মো. শামীম হোসেন (৩১)।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে ওই দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখান। এ সময় তাদের কাছে থাকা সোনালি রঙের একটি মেডেল (পদক) ও হ্যান্ডকাফসদৃশ বস্তু দেখিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা দাবি করেন। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা দুজনকে আটক করেন। পরে ৯৯৯ নম্বরে ফোন করে খবর দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
এ ঘটনায় কাদিমপুর গ্রামের জলিল সরদার বাদী হয়ে ওই দুই যুবকের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।
জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, গত এক মাস ধরে ওই দুই ব্যক্তি বিভিন্ন সময়ে ডিবি পুলিশ পরিচয়ে কাদিমপুর গ্রামের একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন কিংবা অর্থ আদায়ের সঙ্গে জড়িত যেকোনো ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.