নাদিম হায়দার, সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা এলাকায় ধলেশ্বরী নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় তিনি ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে যান। এ সময় নদীর তীব্র স্রোতে বসতবাড়ি ও আশপাশের স্থাপনা ঝুঁকির মধ্যে পড়ার বিষয়টি সরেজমিনে দেখেন তিনি। স্থানীয় বাসিন্দারা নদীভাঙনের কারণে তাদের দুর্ভোগ ও আতঙ্কের কথা এমপির কাছে তুলে ধরেন।
ভাঙন পরিস্থিতি পানি সম্পদ মন্ত্রণালয়ের নজরে আনতে ঘটনাস্থল থেকেই পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঙ্গে ভিডিওকলে কথা বলেন এমপি আব্দুল্লাহ। এ সময় ভিডিওকলের মাধ্যমে মন্ত্রীকে ভাঙনকবলিত এলাকা সরাসরি দেখান এবং নদীর তীব্র স্রোতে একের পর এক বসতবাড়ি ঝুঁকির মধ্যে পড়ার বিষয়টি অবহিত করেন।
এ সময় পানি সম্পদমন্ত্রী ভাঙন পরিস্থিতি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। দ্রুত নদীভাঙন রোধে সংশ্লিষ্ট দপ্তরকে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও আশ্বস্ত করেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, ধলেশ্বরী নদীর ভাঙনে ইতোমধ্যে বেশ কয়েকটি পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। যেকোনো সময় আরও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন তারা। ভাঙন ঠেকাতে দ্রুত স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এমপি শেখ মো. আব্দুল্লাহ বলেন, “নদীভাঙনে মানুষের ঘরবাড়ি ও সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব। বিষয়টি পানি সম্পদমন্ত্রীর কাছে সরাসরি তুলে ধরা হয়েছে। আশা করছি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লাসহ বিএনপির নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.