কালকিনি-ডাসার প্রতিনিধি
জামায়াতে ইসলামী নির্বাচনে জয়লাভ করতে না পেরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
তিনি বলেন, “যাদের রাজনীতির জন্মই হয়েছে চাঁদার টাকায়, তারাই আজ বিএনপিকে চাঁদাবাজ বানানোর চেষ্টা করছে এবং বিএনপির সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচারে লিপ্ত হয়েছে।”
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় এনসিপিকে নিয়েও বক্তব্য দেন খোকন তালুকদার। তিনি বলেন, “বর্তমানে যারা এনসিপির নেতৃত্বে আছেন, তারাও কিছু অপপ্রচারে লিপ্ত হয়েছেন। প্রধানমন্ত্রীকে নিয়ে আবোল-তাবোল বকছেন। তাদের বিগত দিনের ইতিহাস দেখতে গেলে দেখা যায়, তারা আওয়ামী লীগের স্লোগান ধরতে ধরতে তাদের মুখ ব্যথা করে ফেলেছেন। এখন তারাই আওয়ামী লীগের বিরোধিতা করছেন। আবার তারা বিএনপিকেও ছোট করার চেষ্টা করছেন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ, ডাসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ, ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদারসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.