
জাবিপ্রবি প্রতিনিধি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির সঠিক ও কার্যকর ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে জামালপুরে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও দক্ষ আগামীর: শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুরে আয়োজিত এ প্রশিক্ষণে সরকারি আশেক মাহমুদ কলেজের ৬৫ জন শিক্ষার্থী অংশ নেন।
প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা, ব্যবহারিক প্রয়োগ, ইতিবাচক ও নেতিবাচক দিক, ডিজিটাল দক্ষতা এবং শিক্ষাজীবন ও ভবিষ্যৎ কর্মক্ষেত্রে এআইয়ের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রযুক্তি ব্যবহারে দায়িত্বশীলতা এবং ব্যক্তিগত ও গোপনীয় তথ্যের সুরক্ষা নিয়েও শিক্ষার্থীদের সচেতন করা হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহফুজুল হক। তিনি শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান পড়াশোনা ও ভবিষ্যৎ জীবনে ইতিবাচকভাবে কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে এআই ব্যবহারের ক্ষেত্রে ব্যক্তিগত ছবি ও গোপনীয় তথ্যের অপব্যবহার না করার বিষয়ে সতর্ক করেন। প্রশিক্ষণে তাকে সহযোগিতা করেন একই বিভাগের শিক্ষার্থী আহাদুজ্জামান অনন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি। এআই ব্যবহারের ক্ষেত্রে বিষয়টি শেখা, বোঝা এবং তথ্যের ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অর্জন জরুরি। প্রযুক্তির সহায়তা নেওয়ার পাশাপাশি নিজস্ব চিন্তাশক্তি ও বিচারবোধ কাজে লাগানোর জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক ড. সৈয়দ এনামুল কবির বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা জটিল কাজ সহজ ও দ্রুত করার সুযোগ তৈরি করেছে। তবে এর ব্যবহারে সতর্ক থাকা জরুরি। বিশেষ করে ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য এআইভিত্তিক প্ল্যাটফর্মে ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।
একাডেমির পরিচালক মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন, এআইয়ের মাধ্যমে অল্প সময়ে বিভিন্ন জটিল কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে। শিক্ষাক্ষেত্রে এর ইতিবাচক প্রয়োগ শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান, গণিতসহ বিভিন্ন বিষয় সহজে শেখার সুযোগ তৈরি করছে। জ্ঞান অর্জন ও শেখার ক্ষেত্রে এআইকে সহায়ক হিসেবে ব্যবহারের ওপর গুরুত্ব দেন তিনি।
সরকারি আশেক মাহমুদ কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. রৌশন আলম মিঠু বলেন, প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা এবং এর ইতিবাচক ও নেতিবাচক দিক সম্পর্কে ধারণা পেয়েছে। এআই বিষয়ে আগ্রহী শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও প্রশিক্ষণ ও শেখার সুযোগ কাজে লাগিয়ে দক্ষতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থী কবিতা বলেন, প্রশিক্ষণ থেকে তারা গুরুত্বপূর্ণ ও বাস্তবভিত্তিক বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পেরেছেন, যা ভবিষ্যৎ জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন।
অন্য শিক্ষার্থী আরাফ বলেন, প্রশিক্ষণে স্কিল ডেভেলপমেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্ট্রাকচারাল ধারণা এবং জাভা ও জাভাস্ক্রিপ্টের মৌলিক বিষয় সম্পর্কে জানতে পেরে তারা উপকৃত হয়েছেন। এসব বিষয়ে ভবিষ্যতে আরও বিস্তারিত প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি।
প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া, এআইয়ের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের উপযোগী ডিজিটাল দক্ষতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.