শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জেলে, মৎস্যজীবী ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে নিষেধাজ্ঞার সময়ে ইলিশ শিকার, পরিবহন, বাজারজাতকরণ ও কেনাবেচা বন্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে দৌলতদিয়া বাস টার্মিনালে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।
সভায় জানানো হয়, আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা অমান্য করলে আইন অনুযায়ী সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ লাখ টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার মেহেদী রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, ফরিদপুর নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার মো. সাজিদ হোসেন, রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক এবং গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার বিকল্প নেই। প্রজনন মৌসুমে মা ইলিশ শিকার বন্ধ রাখতে জেলেদের পাশাপাশি নদীকেন্দ্রিক সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, নিষেধাজ্ঞার সময়ে কেউ যাতে নদীতে মাছ শিকার করতে না পারে, সে জন্য নৌ-পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে মা ইলিশ সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞার সময়ে জেলেরা যাতে সরকারি সহায়তা যথাযথভাবে পান, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। পদ্মা নদী ঘিরে রাজবাড়ীর বিপুলসংখ্যক মানুষের জীবন-জীবিকা মৎস্য আহরণের সঙ্গে জড়িত। তাই মা ইলিশ সংরক্ষণের পাশাপাশি নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জীবন-জীবিকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হবে।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, মা ইলিশ রক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। ইলিশের উৎপাদন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ সম্পদ ধরে রাখতে জেলে, মৎস্য ব্যবসায়ী ও সাধারণ মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় নৌ-পুলিশ, মৎস্য বিভাগ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জেলে, মৎস্যজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.