কচুয়া (চাঁদপুর)প্রতিনিধি
কচুয়া পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের চার নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে কচুয়া উপজেলা বিএনপির কার্যালয়ে পৌরসভা বিএনপির সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী।
মামলার আসামিরা হলেন—কচুয়া পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, বিএনপি নেতা ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তরিকুল ইসলাম এবং পৌর ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম জাহিদ।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সম্প্রতি কচুয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার ওমর ফারুকের সঙ্গে একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে তিনি বাদী হয়ে ওই চার নেতার বিরুদ্ধে মামলা করেন। বিএনপি নেতাদের দাবি, মামলাটি ‘ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও হয়রানিমূলক’ এবং এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, ওই চার নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তারা মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হয়রানি বন্ধের দাবি জানান।
সংবাদ সম্মেলন শেষে একই দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজক ও কচুয়া বাজার ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে বাজারের পল্টন ময়দানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বাজারের ব্যবসায়ীরা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.