অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ড্রেজিং সমস্যা সমাধান করা গেলে পায়রা বন্দর দেশের সবচেয়ে কার্যকর বন্দর হিসেবে গড়ে উঠবে।
বুধবার দুপুরে পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে তিনি বন্দরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘পায়রা বন্দর অপারেশনাল কার্যক্রম শুরু করেছিল। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে কিছু সংকটের কারণে অপারেশনাল কার্যক্রম দ্রুত এগোয়নি। ড্রেজিং ও হপার ড্রেজার কেনার লক্ষ্যে একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। আমরা আশা করছি, খুব শিগগিরই প্রকল্পটি একনেকের অনুমোদন পাবে।’
তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম বন্দরে প্রচণ্ড চাপ এবং মোংলা বন্দরেও নাব্যতা সংকট রয়েছে। একমাত্র নিরাপদ বন্দর পায়রা। ড্রেজিং সমস্যা সমাধান করতে পারলে পায়রা বন্দর সবচেয়ে বেশি কার্যকরী বন্দর হবে। এ সরকার পায়রা বন্দরকে কার্যকর করার জন্য সব ধরনের পদক্ষেপ নিচ্ছে।’
পরিদর্শন ও মতবিনিময় সভায় পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন সিকদারসহ বন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.