জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে চিঠি দিয়ে দলের চার নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় দলীয় কার্যালয় পরিষ্কার করার সময় একটি খামের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় চিঠিটি পাওয়া যায়। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে চিঠিটি জব্দ করেছে পুলিশ।
দলীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় রায়কালী বাজারে ইউনিয়ন বিএনপি কার্যালয় খুলে পরিষ্কার করার সময় দলীয় কর্মী মোজাম্মেল হক মোজাম একটি খাম দেখতে পান। পরে খামটি খুললে পলিথিনে মোড়ানো একটি চিরকুট পাওয়া যায়।
লাল কালি দিয়ে লেখা ওই চিরকুটে রায়কালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম.ইউ. আহমেদ মোশারফ, ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা হেলাল হোসেন এবং কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।
চিঠিতে চার নেতার নাম উল্লেখ করে লেখা হয়েছে, ‘হত্যা করা হবে, সময় ১৫ দিন।’ তবে কে বা কারা চিঠিটি সেখানে রেখে গেছে, তা জানা যায়নি।
রায়কালী ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘কার্যালয়ে পাওয়া চিঠিতে আমারসহ চারজনের নাম উল্লেখ করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। লাল কালি দিয়ে লেখা চিঠিটি রক্তের চিহ্ন বোঝানোর জন্য করা হয়ে থাকতে পারে।’
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর থেকে তাঁরা বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছেন। এতে কেউ ঈর্ষান্বিত হয়ে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তাঁর ধারণা। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
রায়কালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম.ইউ. আহমেদ মোশারফ বলেন, ‘চিঠি দিয়ে হুমকির ঘটনা এর আগে কখনো ঘটেনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেব।’
ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান বুলু বলেন, ‘দলীয় কর্মী মোজাম্মেল হক মোজাম কার্যালয় পরিষ্কার করার সময় চিঠিটি পেয়ে আমাদের জানান। পুলিশ এসে চিঠিটি নিয়ে গেছে। কেউ মশকরা করেছে কি না, সেটিও খতিয়ে দেখা উচিত।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, ‘খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে চিঠিটি জব্দ করেছে। ঘটনার পর থেকে ওই এলাকা পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.