ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকূপায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় স্ত্রী সুমাইয়া খাতুনকে (২৫) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহত স্বামী মো. মিরাজ বিশ্বাস (৪০) হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ১৩ নম্বর উমেদপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মিরাজ বিশ্বাস ওই গ্রামের আবু বকর বিশ্বাসের ছেলে। অভিযুক্ত সুমাইয়া খাতুন যশোরের দলনগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে মিরাজের প্রথম স্ত্রী মারা যান। পরে তিনি সুমাইয়াকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হতো বলে পরিবারের অভিযোগ। মিরাজের আগের পক্ষের সন্তানদের সঙ্গেও সুমাইয়ার বিরূপ আচরণের অভিযোগ রয়েছে।
আহত মিরাজ জানান, তিনি গত তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন। বুধবার সামান্য একটি বিষয় নিয়ে স্ত্রী সুমাইয়ার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি স্ত্রীকে চড় মারেন। এর জের ধরে রাত আনুমানিক ৩টার দিকে তিনি ঘুমিয়ে থাকা অবস্থায় সুমাইয়া ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ করেন মিরাজ।
তার চিৎকার শুনে বাবা-মা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
খবর পেয়ে শৈলকূপা থানার এসআই জাহাঙ্গীর ঘটনাস্থলে গিয়ে সুমাইয়া খাতুনকে পুলিশ হেফাজতে নেন।
শৈলকূপা থানার ওসি (তদন্ত) শাকিল আহমেদ জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.