জাবিপ্রবি প্রতিনিধি
শিক্ষা ও গবেষণার সঙ্গে শিল্পখাতের বাস্তব সংযোগ তৈরি এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) বিশেষ সেমিনার ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন চত্বরে ‘The Role of Academia–Industry Collaboration: Research Excellence, Innovation and Industrialization’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। একই অনুষ্ঠানে কয়েকটি শিল্প ও উন্নয়ন প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চুক্তির আওতায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ফিশারিজসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা শিল্পপ্রতিষ্ঠানভিত্তিক প্রশিক্ষণ, ব্যবহারিক ইন্টার্নশিপ এবং স্নাতকের শেষ বর্ষে শিল্পপ্রতিষ্ঠানকেন্দ্রিক প্রকল্প ও যৌথ গবেষণার সুযোগ পাবেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এ আয়োজনের কথা জানান বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ হাসান। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন, রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান, ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, সিএসই বিভাগের চেয়ারম্যান সুজিত রায় ও প্রভাষক মো. বেলাল হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন। সেমিনারের পাশাপাশি ‘তারুণ্যের ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আবদুল মজিদ প্রামানিক এবং জাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা যায়, ডাটা সফট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলি ইনকর্পোরেশন (DataSoft Manufacturing & Assembly Inc.), ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট (ESDO), পল্লী উন্নয়ন একাডেমি (RDA) বগুড়া এবং ফিশ ফিড খাতের বায়োজিন ও রূপালী হ্যাচারির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। অনুষ্ঠানে ডাটা সফটের প্রতিষ্ঠাতা মাহবুব জামান ও ব্যবস্থাপনা পরিচালক হাসান রহমান রতন উপস্থিত থাকার কথা রয়েছে।
জাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন বলেন, “শ্রেণিকক্ষের পাঠদান ও প্রাতিষ্ঠানিক উদ্ভাবনকে বাস্তব বাজারে রূপান্তর করতে শিল্পখাতের সঙ্গে সহযোগিতা অপরিহার্য। উপাচার্য মহোদয়ের নেতৃত্বে জাবিপ্রবিকে গবেষণানির্ভর ও আধুনিক সংস্থায় রূপান্তরের যে প্রক্রিয়া শুরু হয়েছে, এটি তারই একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।”
সহকারী প্রক্টর মোহাম্মদ হাসান বলেন, “শিক্ষার্থীরা যেন চার বছরের শিক্ষা শেষেই ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী প্রস্তুত হতে পারে এবং ইন্টার্নশিপ বা ফাইনাল ইয়ার প্রজেক্টের মাধ্যমেই সরাসরি কর্মসংস্থানের পথ উন্মুক্ত হয়, সে লক্ষ্যেই এই পদক্ষেপ।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যাশা, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের সহযোগিতা জাবিপ্রবির শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও বাস্তবমুখী করতে ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের শিল্পখাতের সঙ্গে কাজের অভিজ্ঞতা অর্জন এবং কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী দক্ষতা গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.