যশোর প্রতিনিধি
যশোরের ভাতুড়িয়া হাইস্কুল ও কলেজে দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন ক্রীড়া শিক্ষক মহিতোষ কুমার ঘোষ। শেষ কর্মদিবসে বৃহস্পতিবার (১ অক্টোবর) শিক্ষক-শিক্ষার্থীদের ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত হয়ে বিদায় নেন এই শিক্ষক।
১৯৮৬ সালের ১ নভেম্বর শিক্ষকতা পেশায় যোগ দেন মহিতোষ কুমার ঘোষ। দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বিদায় উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পরে ফুলেল শুভেচ্ছা ও বিভিন্ন উপহারসামগ্রী দিয়ে সম্মান জানানো হয়। বিদায়ের আবেগঘন মুহূর্তে শিক্ষার্থীরা মোটরসাইকেল বহরসহ সুসজ্জিত মাইক্রোবাসে করে প্রিয় শিক্ষককে তার বাসায় পৌঁছে দেন।
এ উপলক্ষে প্রতিষ্ঠানের হলরুমে মহিতোষ কুমার ঘোষের বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মোসলেম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ১০ নম্বর চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল আলম।
অধ্যক্ষ আরিফুজ্জামানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক হায়দার আলী, সহকারী প্রধান শিক্ষক কামরুজ্জামান, ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন, প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম, শিক্ষক প্রতিনিধি চায়না খাতুন, সিনিয়র শিক্ষক অমল কৃষ্ণ সরকার, বিষ্ণু ঘোষ, শহিদুল ইসলাম, আল মামুন ও পলি রাণী সাহা।
এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন দশম শ্রেণির এম. তাসিন ও সানজিদা আক্তার, নবম শ্রেণির আমিম রহমান, অষ্টম শ্রেণির তাসিন, সপ্তম শ্রেণির মোহনা খাতুন এবং ষষ্ঠ শ্রেণির আরাবিয়া তালুকদার।
বক্তারা মহিতোষ কুমার ঘোষের দীর্ঘ শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করেন এবং প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের প্রতি তার অবদানের কথা তুলে ধরেন। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.