শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে অপহরণের অভিযোগে মামলা দায়েরের পর মো. শরিফ শেখ (৩৪) নামে এক রাজমিস্ত্রিকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মিঠু হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে শরিফ শেখের স্ত্রী মোছা. সাদিয়া খাতুন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে শেরপুর থানায় মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হামাছায়াপুর গ্রামের বাসিন্দা শরিফ শেখ নৈশভোজ শেষে একই এলাকার মো. রেজাউল কবিরের সঙ্গে হাপুনিয়া বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাত সোয়া ৮টার দিকে তারা হাপুনিয়া বাজারে মো. নাহিদের মুদি দোকানের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন ব্যক্তি একটি অজ্ঞাত গাড়িতে করে তাদের তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
পরে তাদের চোখ গামছা দিয়ে বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখা হয়। একপর্যায়ে রেজাউল কবিরকে ছেড়ে দেওয়া হলেও শরিফ শেখকে আটকে রাখা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এরপর তাঁর কোনো সন্ধান না পেয়ে স্ত্রী থানায় মামলা করেন।
মামলায় শেরপুর টাউন কলোনির মো. রাসেল বাবু হিমু (৪৩), মো. রাকিব (৩৫), মো. লিমন (৩২), মো. সাব্বির (২৩), মো. কামাল (৩৫), মো. সাব্বির (৩০), মো. নাজমুল (১৮), মো. বুলবুল (৩৫), মো. মাসুদ (৩৬), মো. সাফি (২৪), মো. রাফি (২৪) ও মো. মিঠু হোসেন (৪০)-এর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, “ঘটনার মামলার প্রেক্ষিতে অপহৃত শরিফ শেখকে উদ্ধার করা হয়েছে এবং সংশ্লিষ্ট একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রকৃত রহস্য উদঘাটনে প্রয়োজনীয় পুলিশি তদন্ত ও তৎপরতা অব্যাহত রয়েছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.