দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য করার অভিযোগে আটক শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে গভীর রাতে তাঁর বাড়িতে পৌঁছে দিয়েছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির বাংলা ক্লাসে প্রধানমন্ত্রীর জাতিসংঘে দেওয়া ভাষণ প্রসঙ্গে আলোচনা হয়। এ সময় বাংলা বিভাগের সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া লালন প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। শ্রেণিকক্ষের ওই মন্তব্য পরে বিদ্যালয়ের বাইরে ছড়িয়ে পড়ে।
পরদিন বুধবার সকালে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে নিরাপত্তার স্বার্থে আটক করে থানায় নিয়ে যায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “শিক্ষকের মন্তব্যকে কেন্দ্র করে এলাকায় মব সৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এ কারণে নিরাপত্তাজনিত কারণে তাকে থানায় নিয়ে আসা হয়। পরে কর্তৃপক্ষের নির্দেশে রাতেই তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।”
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১১টার দিকে প্রশাসনের সহযোগিতায় শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
শিক্ষক গোলাম কিবরিয়া লালন বলেন, বিষয়টি অনিচ্ছাকৃতভাবে ঘটেছে। তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ বলেন, “এটি স্লিপ অব টাং। তবে ছোট একটি ঘটনাকে বাইরে অতিরঞ্জিত করে প্রচার করা হয়েছে, যার ফলে সমস্যা তৈরি হয়।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান মুকুল সরকার বলেন, “বিষয়টি ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছু নয়। তবে দেশের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে আরও সতর্ক থাকা উচিত। শিক্ষক গোলাম কিবরিয়ার এভাবে কথা বলা ঠিক হয়নি।”
এদিকে শিক্ষককে বাড়িতে ফেরার সুযোগ দেওয়ায় তাঁর পরিবারের সদস্যদের মধ্যেও স্বস্তি ফিরেছে বলে জানা গেছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা ঘটনাটিকে ক্ষমা ও সহনশীলতার উদাহরণ হিসেবে দেখছেন বলে জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.