নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আয়োজনে ‘ক্যারিয়ার অপরচুনিটিজ ইন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অ্যান্ড পিএলসি টেকনোলজি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে মিতসুবিশি ইলেকট্রিকের পক্ষ থেকে ইইই বিভাগের কাছে অটোমেশন ট্রেনিং কিট হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে জাপানের মিতসুবিশি ইলেকট্রিক গ্রুপের প্রতিষ্ঠান সেতসুয়ো অ্যাসটেক কর্পোরেশনের বাংলাদেশ শাখা ও প্রোগ্রেসিভ ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিল্পখাতে দক্ষ মানবসম্পদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলাই ডুয়েটের লক্ষ্য। আজকের সেমিনার এ লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “মিতসুবিশি ইলেকট্রিক প্রদত্ত অত্যাধুনিক ট্রেনিং কিটগুলো শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবোটিক্সের ব্যবহারে শিল্পখাতের দ্রুত পরিবর্তনের সময়ে শিক্ষার্থীরা নিজেদের কর্মজীবনের জন্য প্রস্তুত হতে এবং অটোমেশন খাতে গবেষণায় যুক্ত হতে পারবে।”
সেমিনার আয়োজনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানিয়ে উপ-উপাচার্য ডুয়েটের সঙ্গে তাদের সম্পর্ক আরও সুদৃঢ় করার মাধ্যমে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
ইইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সেতসুয়ো অ্যাসটেক কর্পোরেশনের প্রেসিডেন্ট ও সিইও মাসাহিরো ফুজিসাওয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, ইইই বিভাগের অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন, জাপান-বাংলাদেশ এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের সিনিয়র ডিরেক্টর শেখ মো. শরীফুল আলম, সেতসুয়ো অ্যাসটেক কর্পোরেশন বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইউসুকে ইমাগাওয়া এবং প্রোগ্রেসিভ ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এম. এন. আমিন।
সেমিনার শেষে মিতসুবিশি ইলেকট্রিকের পক্ষ থেকে ইইই বিভাগের কাছে আনুষ্ঠানিকভাবে অটোমেশন ট্রেনিং কিট হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে ইইই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.