গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে আলেম-ওলামা ও বিভিন্ন জামে মসজিদের ইমামদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপি নেতা আলহাজ আবুল হোসেন মিয়া। সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার বার্থী ভবনে উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি আবদুল হালিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা (উত্তর) বিএনপির সিনিয়র সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আবুল হোসেন মিয়া।
সভায় বক্তব্য দেন উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হাকিম, সুন্দরদী গাউছিয়া আবেদীয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ এস এম আবদুর রব, টরকীবন্দর আদর্শ জামে মসজিদের পেশ ইমাম মুফতি আবদুল কাইয়ুম হারুনী, হাফেজ মাওলানা রহমাতুল্লাহ ও মাওলানা বশির উদ্দিনসহ স্থানীয় আলেম-ওলামারা।
বক্তারা ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখা, সামাজিক ঐক্য ও শান্তি বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন মিয়া বলেন, আলেম সমাজ সমাজের গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী অংশ। ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে সামাজিক ঐক্য, সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে আলেমদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং মুসলিম উম্মাহর জন্য দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি আবদুল হালিম।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.