চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মদক্ষতা উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।
শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুরুতে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান। তিনি বলেন, কৃষি থেকে শিল্প—সব ক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষতা উন্নয়ন এবং সময়ের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। উৎপাদনশীলতা বাড়লে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। সরকারি-বেসরকারি সব পর্যায়ে দক্ষতা, জবাবদিহি ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল কালাম আজাদ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কৃষি বিভাগের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.