নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব ল পরিচালিত এলএলবি (অনার্স) ১৩তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের লেকচার গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেন, অসীম বাধা-বিপত্তি পেরিয়ে বাউবি দীর্ঘ পথ অতিক্রম করছে। শত সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষার বিস্তার ঘটানোই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য। বাউবি আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরে নিজেকে বিকশিত করতে সক্ষম হয়েছে।
নবীন আইন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, সকল বন্ধুর পথ পেরিয়ে তাদেরও নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। আজকের মনন, বোধ ও সুবিচারের ওপর সমাজের ভবিষ্যৎ কাঠামো নির্ভর করবে। শুধু আইন নয়, ইতিহাস, দর্শন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তি বিষয়েও জ্ঞান অর্জনের মাধ্যমে মানবিক ও সুশৃঙ্খল সমাজ কাঠামো গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
স্কুল অব ল-এর ডিন অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি এম আহমেদ হুসেইন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা ও দায়রা জজ গাজী দেলোয়ার হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের প্রারম্ভিক ইতিহাস, আইন শিক্ষার প্রয়োজনীয়তা, সময়োপযোগী সিলেবাস এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আইন শিক্ষার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় স্কুল অব ল-এর শিক্ষকরা বক্তব্য দেন। তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং আইন পেশায় নীতি-নৈতিকতা, দক্ষতা ও পেশাগত দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের গড়ে তোলার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে প্রায় শতাধিক নবীন শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরিচালক, শাখা প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ ও উত্তরীয় পরিয়ে দেন স্কুল অব ল-এর শিক্ষকরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.