ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় সাদিয়া (১৬) নামে দশম শ্রেণির এক মাদরাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি মেঘনাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাদিয়া ওই এলাকার ইয়ানুর রহমানের মেয়ে এবং বাহাদুরপুর দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার আসিফ নামে এক তরুণের সঙ্গে সাদিয়ার প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিকভাবে তাদের বিয়ের বিষয়টিও অনেকটা চূড়ান্ত হয়েছিল বলে জানা গেছে। আসিফের পরিবারের পক্ষ থেকে সাদিয়াকে আংটি ও নাকফুল পরানো হয়েছিল।
আসিফের দাবি, ঘটনার আগের রাতে সাদিয়ার সঙ্গে মোবাইল ফোনে কথা বলার পাশাপাশি ইমুতে চ্যাটিং হয়েছিল। তিনি এক-দুই মাস পর বিয়ে করতে চেয়েছিলেন বলেও জানান। তবে সাদিয়া দ্রুত বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন বলে দাবি করেন আসিফ।
সাদিয়ার বাবা ইয়ানুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। সকালে সাদিয়ার কক্ষে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখতে পান, ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সাদিয়া ঝুলে আছেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ভেড়ামারা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের অভিযোগ ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.