গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বার্থী ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ফুল ও বইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে পরিবেশ রক্ষার বার্তা হিসেবে বিনামূল্যে ফলদ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার পাণ্ডের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আব্দুল সালাম।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আব্দুল সালাম বলেন, “কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনই শিক্ষার মূল লক্ষ্য নয়। একজন শিক্ষার্থীকে সৎ, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষা ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।”
তিনি নবীন শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল জেলা (উত্তর) বিএনপির সদস্য ও কলেজের গভর্নিং বোর্ডের সদস্য অ্যাডভোকেট এস. এম. মনিরুজ্জামান, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভির প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়া, স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রশাসক জাহাঙ্গীর আলম, কলেজের দাতা সদস্য আসাদুজ্জামান মাসুদ মিয়া এবং সমাজসেবক আমিনুল হক শাহীন।
এ ছাড়া গভর্নিং বোর্ডের সদস্য জহিরুল ইসলাম, এস. এম. জানে আলমসহ কলেজের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে নবাগত শিক্ষার্থীদের হাতে উচ্চমাধ্যমিকের প্রয়োজনীয় পাঠ্যবই তুলে দেওয়া হয়। একই সঙ্গে কলেজের গভর্নিং বডির সভাপতি ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. নাসির উদ্দিনের সৌজন্যে প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে ফলদ ও বনজ গাছের চারা তুলে দেন অতিথিরা। এ সময় কলেজের প্রবীণ শিক্ষার্থীরা ফুল দিয়ে নবীনদের বরণ করে নেন।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নাট্যাংশ পরিবেশনের মধ্য দিয়ে দিনটি আনন্দমুখর হয়ে ওঠে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.