
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ছোটবাহিরবাগ রেলস্টেশনে ঢাকা-গোপালগঞ্জগামী কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। পরে স্টেশনে ট্রেন পৌঁছালে সেটি আটকে বিক্ষোভ করেন তারা।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় ছোটবাহিরবাগ রেলস্টেশনের প্ল্যাটফর্মে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ফুকরা ইউনিয়নসহ আশপাশের এলাকার শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে গোপালগঞ্জগামী কমিউটার ট্রেনটি ছোটবাহিরবাগ স্টেশনে পৌঁছালে বিক্ষোভকারীরা ট্রেনটি থামিয়ে যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ করেন। প্রায় ১০ মিনিট পর ট্রেনটি ছেড়ে দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি নেতা বদরুল আলম বদিয়া, শাহাদ শরীফ, লিটন সরদার, জসিম মজুমদার, সুজন শরীফ, সোহাগ শরীফ ও এফ এম আরাফাত হোসাইনসহ অনেকে।
বক্তারা বলেন, ছোটবাহিরবাগ রেলস্টেশনটি কাশিয়ানী উপজেলার গুরুত্বপূর্ণ একটি রেলস্টেশন। এই স্টেশন ব্যবহার করে কাশিয়ানী উপজেলার প্রায় আটটি ইউনিয়নের মানুষ রাজশাহীসহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় যাতায়াত করেন। তবে ঢাকাগামী কমিউটার ট্রেনের এখানে কোনো যাত্রাবিরতি নেই। ফলে শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তারা বলেন, ছোটবাহিরবাগ স্টেশনে ঢাকাগামী কমিউটার ট্রেনের যাত্রাবিরতি চালু হলে এ অঞ্চলের মানুষের রাজধানীতে যাতায়াত সহজ হবে। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।
অনতিবিলম্বে ছোটবাহিরবাগ রেলস্টেশনে ঢাকাগামী কমিউটার ট্রেনের যাত্রাবিরতি চালুর দাবি জানান বক্তারা। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.