
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ায় শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে ‘মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার কাদলা ইউনিয়নে কাদলা রহমাতাল্লিল আলামিন ফাউন্ডেশনের উদ্যোগে এবং ‘স্বপ্নবাজ’ ও ‘বরইগাঁও যুব উন্নয়ন সংগঠন’-এর সৌজন্যে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কাদলা ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ নেয়। ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ি মাদ্রাসা ও বেসরকারি কেজি স্কুলের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
আয়োজকরা জানান, ইউনিয়নের ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৬৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পঞ্চম শ্রেণির ২৭৮ জন, চতুর্থ শ্রেণির ২১২ জন এবং তৃতীয় শ্রেণির ১৭৯ জন শিক্ষার্থী ছিল।
পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেন আয়োজক প্রধান ব্যবস্থাপক, শিক্ষানুরাগী ও কাদলা খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার প্রভাষক মো. জান্নাতুল আলম আলমগীর।
তিনি বলেন, “তৃণমূলের শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন, সুপ্ত প্রতিভার বিকাশ এবং শিক্ষার্থী ঝরে পড়া রোধে এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের গঠনমূলক আয়োজন অব্যাহত থাকবে।”
পরীক্ষা পরিচালনায় দায়িত্বে থাকা ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, পরীক্ষার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রক নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হামজা, বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রবিউল আলম, হাজী ইমরান, এমদাদুল হক মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষকরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.