পঞ্চগড় প্রতিনিধি
ভারতের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়নের ক্ষেত্রে জিয়াউর রহমানের পথ অনুসরণ করা হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (৩ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া ডাকবাংলো এলাকায় নদী ও পরিবেশবাদী সংগঠন নোঙর বাংলাদেশের আয়োজনে ‘নোঙর রিভার ক্যাম্প’-এর কার্যক্রম উদ্বোধন ও মহানন্দা নদী এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
আন্তঃসীমান্ত নদীর পানির হিস্যা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ৫৪টি এবং মিয়ানমারের সঙ্গে তিনটি আন্তঃসীমান্ত নদী রয়েছে। এসব নদীতে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
ফারাক্কা চুক্তিকে বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, ৩০ বছর মেয়াদি এ চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে নতুন করে চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি কারিগরি কমিটি কাজ করছে বলেও জানান তিনি।
নদী ও খাল উদ্ধারের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “নদী ও খাল উদ্ধারে কোনো ধরনের দলীয় দৃষ্টিভঙ্গি বিবেচনা করা হবে না। দেশের খনন ও পুনরুদ্ধার করা নদী, খাল ও জলাশয় পুনরায় দখলের কোনো সুযোগ থাকবে না।”
এর আগে প্রতিমন্ত্রী মহানন্দা নদীর সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেন। পরে নোঙর রিভার ক্যাম্পের পতাকা আয়োজকদের হাতে তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এরপর তেঁতুলিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি।
আয়োজকরা জানান, নোঙর বাংলাদেশের এ কার্যক্রম পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় পরিচালিত হয়ে টেকনাফে গিয়ে শেষ হবে।
এ সময় পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম.এ. মজিদ, তেঁতুলিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আঁকাশ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, নোঙর বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন সামস, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সদস্য দিন মোহাম্মদ খান, সালাউদ্দীন প্রধান, নাসির খান মিন্টুসহ জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.