দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৫ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুরে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার ভোর সাড়ে ৫টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্তসংলগ্ন নিচপাড়া এলাকায় বিজিবির টহল দল অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৬৪ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে।
অপরদিকে, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্তসংলগ্ন ধর্মদাহ মাঠে অভিযান চালিয়ে ৪ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এ ছাড়া রোববার সকাল ৯টার দিকে প্রাগপুর ফুটবল মাঠসংলগ্ন সড়কে অভিযান চালিয়ে ১ কেজি ৯০০ গ্রাম ভারতীয় গাঁজা ও একটি বাইসাইকেল উদ্ধার করেন বিজিবি সদস্যরা।
বিজিবির পৃথক অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ১৫ লাখ ৪০ হাজার ৬৭০ টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.