হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোর্সের ষড়যন্ত্রে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবির বিরুদ্ধে তাঁর দুই ছেলেকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন।
রোববার (৪ অক্টোবর) দুপুরে জেলার শ্যামপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে মফিজ উদ্দীন বলেন, গত ২৯ সেপ্টেম্বর তাঁর বাড়ির সামনের আমবাগানে অভিযান চালিয়ে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধারের দাবি করে এসআরবি-৫। এ সময় তাঁর ছোট ছেলে মেহেদী হাসানকে আটক করা হয়। পরে এ ঘটনায় দায়ের করা মামলায় তাঁর মেজো ছেলে আল মামুনকেও পলাতক আসামি করা হয়।
মফিজ উদ্দীনের দাবি, ঘটনার সময় আল মামুন রাজশাহীতে তাঁর শ্বশুরবাড়িতে ছিলেন। তাঁর দুই ছেলে কিংবা পরিবারের কোনো সদস্যই মাদকের সঙ্গে জড়িত নন। একটি সোর্সের ষড়যন্ত্রে তাঁদের মাদক মামলায় ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং তাঁর দুই ছেলেকে হয়রানি থেকে রক্ষার দাবি জানান।
সংবাদ সম্মেলনে মফিজ উদ্দীনের স্ত্রী শেফালী বেগম, মেয়ে রিনা খাতুন, শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশীদ সনুসহ পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.