শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার ভেতরে সীমানাপ্রাচীর সংলগ্ন একটি পরিত্যক্ত স্থান থেকে শাজাহান তালুকদার (৭৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই সার কারখানার সাবেক কর্মচারী ছিলেন।
রোববার (৪ অক্টোবর) দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাজাহান তালুকদারের স্থায়ী বাড়ি বরিশাল জেলায়। তিনি দীর্ঘদিন ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় কর্মরত ছিলেন। প্রায় চার বছর আগে চাকরি থেকে অবসর নেন তিনি। এরপর থেকে পলাশ উপজেলার খানেপুর এলাকায় বসবাস করছিলেন। তাঁর দুই সন্তানের মধ্যে একজন তাঁর সঙ্গে খানেপুরে থাকেন এবং অপরজন বরিশালে বসবাস করেন।
পুলিশ জানায়, মরদেহটি উদ্ধারের সময় তাতে পচন ধরেছিল। এ ছাড়া শরীরের কয়েকটি অঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায় বলে জানা গেছে। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে কারখানা ও আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মরদেহের পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন।
ঘটনার বিষয়ে ওসি শাহেদ আল মামুন বলেন, ‘নিহত ব্যক্তি ওই সার কারখানার সাবেক কর্মচারী এবং বর্তমানে খানেপুরে বসবাস করছিলেন। তাঁর মরদেহের বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে এবং এর পেছনে কোনো কারণ বা রহস্য রয়েছে কি না, তা উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।’
পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.