দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো. মোখলেসুর রহমান নামে এক কলেজ শিক্ষককে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। সোমবার (৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার নওদা আজমপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহত মো. মোখলেসুর রহমান নওদা আজমপুর গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে। তিনি আজমপুর টেকনিক্যাল কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে যুবদল কর্মী মিজানের সঙ্গে শিক্ষক মোখলেসুর রহমানের বিরোধ চলে আসছিল। সোমবার দুপুরে কলেজের ক্লাস শেষে বাড়ি ফেরার পথে নওদা আজমপুর মোড়ে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া মিজান ও তার অনুসারী রনি, কামাল, ইন্টু, বিপ্লব, হাসান, সাগর, ময়ি খা ও মিঠুসহ কয়েকজন তার ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় হামলাকারীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক মোখলেসুর রহমান অভিযোগ করেন, জমিজমা নিয়ে তাদের মধ্যে মামলা চলমান রয়েছে। অভিযুক্ত মিজান তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানানোর পরই তাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক কলেজ শিক্ষককে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের মধ্যে আগে থেকেই জমি নিয়ে মামলা চলমান রয়েছে। আহত শিক্ষক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.