নাদিম হায়দার, সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিখোঁজের একদিন পর শামসুন্নাহার (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের খিল্লাপাড়া গ্রামের বাড়ির পাশের রাস্তার খাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শামসুন্নাহার ওই গ্রামের লিয়াকত খানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) দুপুরে সিরাজদীখান বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন শামসুন্নাহার। এরপর তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময়েও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যায় বিষয়টি থানায় জানানো হয়।
মঙ্গলবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের রাস্তার খাদে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে সিরাজদীখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের ছেলে হাবিবুর রহমান বলেন, ‘সোমবার বিকেল থেকে অনেক খোঁজাখুঁজি করেও মাকে পাইনি। সন্ধ্যায় থানায় বিষয়টি জানাই। আমাদের জানা মতে, কারও সঙ্গে আমাদের বিরোধ বা শত্রুতা নেই। তবে আমার মায়ের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস ছিল।’
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এটি দুর্ঘটনা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ওই নারী বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.