নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী আদালত প্রাঙ্গণ থেকে মায়ের কাছ থেকে ১৩ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক তুলে নেওয়ার ঘটনায় আবদুর রহিম রনি (২৩) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। একই সঙ্গে অপহৃত কিশোরীকে উদ্ধারে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১১, সিপিসি-৩-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার মিথুন কুমার কুণ্ডু।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৫ অক্টোবর) রাত ৮টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১, সিপিসি-৩, নোয়াখালী ও এসআরবি-৭, সিপিএসসি, চট্টগ্রামের যৌথ আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার পাশে কলোনি এলাকায় অভিযান চালায়। এ সময় ইউসুফ নামে এক ব্যক্তির ভাড়া বাসা থেকে মামলার আসামি আবুল হোসেন রনি (২৩)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রনি নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের বাছেদের বাড়ির সালাউদ্দিনের ছেলে।
এসআরবি জানায়, মামলার ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী জান্নাতুল মাওয়া মুক্তা (১৩)। এর আগে রনি ও তার সহযোগীরা ওই কিশোরীকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা গত ১৬ জুলাই নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করেন। পরে আদালত কিশোরীকে উদ্ধারে জেলা গোয়েন্দা শাখা, নোয়াখালীকে নির্দেশ দেন।
পরবর্তীতে আসামিরা পর্দার আড়ালে থেকে কিশোরীকে আদালতে হাজির করলে আদালত তাকে ভিকটিম সাপোর্ট সেন্টার, চট্টগ্রামে পাঠান। গত ১৩ সেপ্টেম্বর আদালত কিশোরীকে তার মায়ের জিম্মায় দেন।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, আদালত থেকে কিশোরীকে নিয়ে সিএনজিতে ওঠার সময় রনি ও তার সহযোগীরা তাদের ঘিরে ফেলেন। তারা কিশোরীকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করলে তার মা বাধা দেন। এ সময় আসামিরা ওই নারীকে কিল-ঘুষি মেরে রাস্তায় ফেলে দেন। পরে কিশোরীকে হেফাজতে নেওয়ার চেষ্টা করলে রনি তার মায়ের গলা চেপে ধরে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
একপর্যায়ে আসামিরা সিএনজি ও মোটরসাইকেলযোগে কিশোরীকে ফের অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা সুধারাম থানায় মামলা করেন।
মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তার ও কিশোরীকে উদ্ধারে এসআরবি-১১, সিপিসি-৩ গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় নোয়াখালী ও চট্টগ্রামের এসআরবির যৌথ অভিযানে রনিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে এসআরবি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.