নওগাঁ প্রতিনিধি
নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে সাতজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সাপাহারের সোনাডাঙ্গা ও জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবির বাধায় পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। বর্তমানে সাতজন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
জানা গেছে, মঙ্গলবার ভোরে সাপাহার উপজেলার সোনাডাঙ্গা বিওপি এলাকায় আটিলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা চারজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। খবর পেয়ে সোনাডাঙ্গা বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে পুশইনের চেষ্টা প্রতিহত করে। পরে ওই চারজনকে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে দেখা যায়।
অপরদিকে, একই দিন সকালে জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় আরও তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে গিয়ে তা প্রতিহত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সীমান্ত এলাকায় নজরদারিও জোরদার করা হয়েছে।
নওগাঁ ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবীব পিএসসি বলেন, ‘বর্তমানে তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।’
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.