নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের বন ও পরিবেশ সুরক্ষা, বনভূমি দখলমুক্তকরণ, বন অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জন্য বন বিভাগের সেবা সহজ করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে গাজীপুর পরিবেশ আন্দোলন (গাপা) ও জনস্বার্থ উন্নয়ন ট্রাস্ট (পিআইডি ট্রাস্ট)।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় গাজীপুরের শহীদ নিয়ামত সড়কের শায়লা কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বন ও পরিবেশ সুরক্ষায় পাঁচ দফা দাবি তুলে ধরেন সংগঠন দুটির নেতারা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গাজীপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বনাঞ্চলসমৃদ্ধ জেলা। বনভূমি জবরদখল, অবৈধ স্থাপনা, বন উজাড় ও বিভিন্ন ধরনের বন অপরাধের কারণে এ জেলার বন ও পরিবেশ ক্রমেই হুমকির মুখে পড়ছে। বন রক্ষায় শুধু আইন ও নীতিমালা নয়, কার্যকর প্রশাসনিক কাঠামো, নিয়মিত তদারকি এবং দ্রুত আইন প্রয়োগ প্রয়োজন।
বক্তারা বলেন, বর্তমানে ‘ঢাকা বন বিভাগ’ এবং ‘বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ ঢাকা বিভাগ’-এর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় ঢাকার মহাখালীতে অবস্থিত। অথচ সংশ্লিষ্ট দুই বিভাগের অধিক্ষেত্রের বড় অংশ গাজীপুরকেন্দ্রিক হওয়ায় বন ও পরিবেশ-সংক্রান্ত সেবা নিতে সাধারণ মানুষকে ঢাকায় যেতে হয়। এতে সময়, অর্থ ও শ্রম ব্যয়ের পাশাপাশি জনভোগান্তি বাড়ছে।
তারা গাজীপুর জেলার বনাঞ্চল ও বন প্রশাসনের জন্য পৃথক ‘গাজীপুর বন বিভাগ’ প্রতিষ্ঠার দাবি জানান। তাদের মতে, এ বিভাগ প্রতিষ্ঠিত হলে বন সংরক্ষণ, বনভূমি উদ্ধার, বন অপরাধ নিয়ন্ত্রণ, মাঠপর্যায়ের তদারকি এবং স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় আরও কার্যকর হবে।
সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—গাজীপুরে পৃথক বন বিভাগ অনুমোদন ও দ্রুত বাস্তবায়ন, যুগোপযোগী আইন প্রণয়ন করে বন ক্যাডার কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান, জবরদখলকৃত বনভূমি উদ্ধারে জিরো টলারেন্স নীতি গ্রহণ, যথাযথ তদন্তের মাধ্যমে হয়রানিমূলক বন মামলা প্রত্যাহারের ব্যবস্থা এবং বন অপরাধে জড়িত সরকারি-বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
বক্তারা আরও বলেন, বন রক্ষা শুধু বন বিভাগের একক দায়িত্ব নয়; রাষ্ট্র, প্রশাসন ও জনগণের সম্মিলিত দায়িত্ব। গাজীপুরের বনাঞ্চল ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত রাখতে সংশ্লিষ্ট সব দপ্তর ও স্থানীয় জনগণের মধ্যে কার্যকর সমন্বয় জরুরি।
সংবাদ সম্মেলনে গাজীপুর পরিবেশ আন্দোলনের সভাপতি মো. মোছাদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা ফেডরিক মুকুল বিশ্বাস, নির্বাহী সহ-সভাপতি এনামুল হক, সহ-সভাপতি মো. ইসমাইল মোল্যা ও দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রুবেলসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.