মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার বিরোধকে কেন্দ্র করে আরাফাত মোল্যা (৩৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) মধ্যরাতে বাড়ির পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আরাফাত দেবদুন গ্রামের মকিদুল মোল্যার ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে নড়াগাতী থানায় মাদক, চুরি ও ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, মাদক বেচাকেনার দ্বন্দ্বের জেরে একই গ্রামের কবির হোসেন, জিসানসহ ৪-৫ জন মিলে আরাফাত মোল্যাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আরও তদন্ত চলছে।
তবে নিহতের পরিবারের দাবি, জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আরাফাতকে হত্যা করেছে। তারা হত্যাকাণ্ডের সঙ্গে মাদক বেচাকেনার বিরোধের বিষয়টি অস্বীকার করছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও তারা পূর্ববিরোধের কথা উল্লেখ করে বিভিন্ন পোস্ট দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.